চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের অভিযোগে এক অটোরিকশা চালককে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. তফসির আলম (২০)। তিনি মগধরা ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই দণ্ডাদেশ দেন। এ ঘটনায় জড়িত আরও এক কিশোরকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সন্দ্বীপ থানাধীন মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আলউদ্দিন শিকদারের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক সংযুক্ত একটি অটোরিকশা থামিয়ে চালক মো. তফসির আলম পাশের জমি থেকে খড় সংগ্রহ করে আগুন জ্বালান।
খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। জিজ্ঞাসাবাদে চালক জানান, শীত নিবারণের উদ্দেশ্যে এবং টিকটক ভিডিও তৈরির জন্য তিনি আগুন জ্বালিয়েছিলেন।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে কোনো ধরনের নাশকতামূলক বা অসৎ উদ্দেশ্যের প্রমাণ পাননি। তবে ঘটনাটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ায় তাকে ৭ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






