চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দোকান মালিক মো. সাইফুল আলমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কধুরখীল চৌধুরী হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর টাস্কফোর্স-২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল আলমের গ্যাস সিলিন্ডারের দোকানে তল্লাশি চালান।
তল্লাশিকালে দোকান থেকে একটি শটগান, একটি পিস্তলের ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে ৪৮ এডি রেজিমেন্টের মেজর মো. নাজমুশ শাহাদাত নেতৃত্ব দেন।
আটক সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে। উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে পরবর্তীতে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





