চাটগাঁ নিউজ ডেস্ক: এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চার দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ধর্মঘটে সংহতি জানিয়েছে স্কপ (স্টিভেডোরস অ্যান্ড কার্গো হ্যান্ডলার্স ইউনিয়ন)।
ধর্মঘটের ফলে জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও (আউটার লাইটারিং) সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বন্দর অচল হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএসহ শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও বন্দর ব্যবহারকারীরা। পরিস্থিতি নিয়ে বন্দর চেয়ারম্যানের দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন।
সংগঠনের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম বন্দরের প্রধান সংকটের জন্য দায়ী উল্লেখ করে বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে তার পদ থেকে প্রত্যাহার, পূর্ববর্তী আন্দোলনে যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত ও পদাবনতি করা হয়েছে তা বাতিল করে নিজ নিজ পদে পুনর্বহাল এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা না নেওয়া।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুণ, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
উল্লেখ্য, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে এর আগে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ গত শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে। এতে কনটেইনার হ্যান্ডলিং, পণ্য ডেলিভারি এবং জাহাজ আনা-নেওয়াসহ বন্দর কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরে বৃহস্পতিবার শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হলেও দাবি আদায়ে অগ্রগতি না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটে ফিরেছেন শ্রমিকরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





