রাঙামাটিতে এক আনসার সদস্যের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় হঠাৎ অসুস্থ হয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে জুরাছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে অসুস্থ হয়ে পড়েন আনসার সদস্য সুবেদার এরশাদ আলী (৫৯)। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের অংশ হিসেবে জুরাছড়ি উপজেলায় আগমন করেছিলেন।

তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা অন্যান্য আনসার সদস্যরা তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুবেদার এরশাদ আলীর মৃত্যু হয়।

নিহত সুবেদার এরশাদ আলীর বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি হাজাছড়া ক্যাম্পে কর্মরত ছিলেন। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সুবলং হয়ে জুরাছড়ি যাওয়ার পথে নৌকায় থাকা অবস্থায় শনিবার বিকেল পৌনে চারটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবেদার এরশাদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাব্বানী। এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top