চার দফা দাবিতে রোববার থেকে বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

চাটগাঁ নিউজ ডেস্ক: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—নিউমুরিং কনটেইনার টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার বিষয়ে সুস্পষ্ট সরকারি ঘোষণা। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে ‘বন্দরের প্রধান সংকটের কারণ’ উল্লেখ করে তাকে চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, পূর্ববর্তী আন্দোলনের সময় যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত বা পদাবনতি দেওয়া হয়েছে—সেসব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করা। এছাড়া আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা না নেওয়ার দাবিও জানানো হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, আসন্ন ধর্মঘট চলাকালে জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙর এলাকায় (আউটার অ্যাংকরেজে লাইটারিং কার্যক্রম) সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুণ, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টোসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং জেটিতে জাহাজের আগমন-প্রস্থান কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। তবে দাবিগুলোর অগ্রগতি না হওয়ায় ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top