চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শরিফ ওসমান হাদি সমর্থকরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর ২ নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা ব্যানার দেখা গেছে।
এ সময় তারা জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পাশাপাশি বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি করেন।
পরে রাত ৯টার দিকে তারা কেন্দ্রীয় সিদ্ধান্তমতে কর্মসূচি স্থগিত করলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।
তবে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি তাই ঢাকার মতো পরিস্থিতি এখানে হয়নি। আমরা তাদের শান্তভাবে বুঝিয়েছি। তারা নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি পালন করে রাস্তা ছেড়ে দিয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





