চাটগাঁ নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দ্বিতীয় দফার সংঘর্ষে আবারও উত্তপ্ত রাজধানী ঢাকার শাহবাগ। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এখন পর্যন্ত ১০০ জন চিকিৎসা নিয়েছে। অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন আবার অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, জাবেরের শরীরে স্প্রিন্টার জাতীয় কিছু একটা থাকতে পারে। তবে সেটি গুলি কি-না নিশ্চিত না।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আবার সন্ধ্যার দিকে শাহবাগের মোড়ে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষ হয়। এতে আহতদের রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশায় করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ভেতরে নিয়ে যাওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের পর রাজধানীর শাহবাগ মোড় থেকেও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। তাদের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ শাহাবাগ দখল করে নেয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, যমুনার আশপাশের এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবিতে শুক্রবার জুমার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দিয়েছিল সংগঠনটি। বিকেল ৪টার দিকে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে মঞ্চের নেতা-কর্মীদের, রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টালের সামনের এলাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত পুরো এলাকায়।
পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এরপর বিকেল ৫টার দিকে মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে শাহবাগে যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা শাহবাগ সড়ক করে রাখেন তারা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





