আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদে জুমা ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার নিন্দা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এখনও কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে দায় পড়তে পারে পাকিস্তানি তালেবান বা ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর, যারা এর আগে দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল।
এই হামলার প্রায় এক সপ্তাহ আগে নিষিদ্ধ বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তান প্রদেশে একাধিক হামলা করে প্রায় ৫০ জনকে হত্যা করেছিল।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী সেই হামলার জবাবে ২০০-র বেশি ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





