চবিতে অভিনব কৌশলে কাঠ পাচার, ৭৬টি গাছের গুঁড়ি জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় পাহাড়ি ঝিরিপথ ব্যবহার করে অভিনব কৌশলে বিপুল পরিমাণ কাঠ পাচারের চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে ৭৬টি গাছের গুঁড়ি জব্দ করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়ি ঝিরিতে ভেসে আসতে দেখা যায় গাছের গুঁড়িগুলো। বিষয়টি নজরে আসার পর রাত সাড়ে ৯টার দিকে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে কাঠগুলো জব্দ করে।

জব্দ করা কাঠের মধ্যে সেগুন ও গামারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এসব গাছের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকারও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিরাপত্তা সূত্র জানায়, শীত মৌসুমের শেষ দিকে ঝিরিতে স্বাভাবিক স্রোত না থাকায় পাচারকারীরা উজানে কৃত্রিম বাঁধ দিয়ে পানি জমিয়ে রাখে। পরে একসাথে বাঁধ খুলে দিয়ে হঠাৎ তীব্র স্রোত সৃষ্টি করে কাঠগুলো ভাটির দিকে ভাসিয়ে দেয়। পরিবহন জটিলতা এড়ানো ও লোকচক্ষুর আড়ালে কাঠ সরাতেই এই পদ্ধতি ব্যবহার করা হয়।

জানা গেছে, ওইদিন সন্ধ্যায় ঝিরিতে গাছ ভেসে আসতে দেখে কয়েকজন শিক্ষার্থী। মো. মিঠু ইসলাম নামের এক শিক্ষার্থী পুরো দৃশ্য ভিডিও করে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছে অভিযান শুরু করে।

নিরাপত্তা বাহিনী ঝিরিপথ ধরে প্রায় দুই কিলোমিটার এগিয়ে ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’-এর পাশের একটি বাঁশবাগানের পেছনের ঝিরি থেকে কাঠগুলো উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেই আমরা দ্রুত অভিযান চালাই। প্রায় দুই কিলোমিটার অগ্রসর হয়ে ৭৬টি গাছের গুঁড়ি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, এখনো জব্দ করা কাঠগুলোর প্রকৃত মালিক শনাক্ত করা যায়নি। তিনি বলেন, গাছগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে এবং এসব গাছ কাটতে বন বিভাগের অনুমতি প্রয়োজন।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট মালিকানা ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্সের প্রমাণ না পাওয়া গেলে নিলাম কমিটির সঙ্গে আলোচনা করে কাঠগুলো নিলামে তোলা হবে। এ ঘটনায় প্রশাসনের নির্দেশে এলাকায় রাতের পাহারা জোরদার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top