চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। টানা চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়া এলাকার আমিন মেম্বার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
বাড়িটির মালিক শেখ শহীদুল আলম স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা। ঘটনার সময় পরিবারের সদস্যরা নগরীতে অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে এসে জানালার গ্লাস ভাঙা, গ্রিল কাটা এবং পেছনের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতর ঢুকে দেখা যায়, মূল্যবান আসবাবপত্র ও মালামাল তছনছ করা হয়েছে।
ভুক্তভোগীর বোন শাহীন আক্তার জানান, চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা আলমিরায় রাখা প্রায় ২ লাখ টাকা নগদ অর্থ ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও ফিটিংসও চুরি হয়েছে।
তিনি আরও জানান, নতুন নির্মিত ঘরে সম্প্রতি আধুনিক বাথরুম ফিটিংস ও অন্যান্য সরঞ্জাম বসানোর কাজ চলছিল। চোরেরা বাথরুমের কমোডসহ একাধিক যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, গত দুই মাস ধরে বোয়ালখালীতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। মসজিদ, মন্দির, স্কুল, সরকারি ও বেসরকারি দপ্তর, সিএনজি অটোরিকশা, গাড়ির ব্যাটারি এবং বসতঘরে চুরি হয়েছে। এর পাশাপাশি অন্তত তিনটি ডাকাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
চুরি ও ডাকাতির ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, চুরির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো চোর শনাক্ত বা চোরাই মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






