চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে আটটি গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে ফিরে এসেছে আহত বন্যহাতিটি। সেই হাতিকে তাড়াতে কেউ ব্যবহার করছে আগুন আবার কেউ বা ইট পাথরের টুকরো।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে হাতিটি। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা সেটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি অবস্থান নেয়। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন।
তিনি বলেন, হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। কোনো রকমে ধীরে ধীরে বনের কাছাকাছি চলে যায়। এ সময় বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালান। তবে এখনো হাতিটি পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছে।
এদিকে, আহত হাতিটিকে দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় করেছেন।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আঘাতপ্রাপ্ত হাতিটি আবারও লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় তাকে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, হাতিটির বর্তমান অবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






