চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটের বাইরে এ ঘটনা ঘটে। বন্দরের ভেতর পরিদর্শন শেষে বের হওয়ার সময় আন্দোলনরত শ্রমিকদের প্রতিবাদের মুখে পড়েন উপদেষ্টা।
এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে নৌ পরিবহন উপদেষ্টা গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন।
তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি শ্রমিকদের দাবিদাওয়া শোনার আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরবর্তীতে তিনি বন্দর ভবনে প্রবেশ করে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
এদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে শ্রমিকদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিও জানান তিনি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
চাটগাঁ নিউজ/এমকেএন






