চাটগাঁ নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাবে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। নামের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ইউনিফর্ম তৈরির কাজ শুরু হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হতে পারে। আগামী সপ্তাহের মধ্যেই নতুন পোশাকে বাহিনীর মহাপরিচালককে দেখা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আগের আইনের আওতায় র্যাবের যে দায়িত্ব ও কার্যক্রম ছিল, তা পুনর্গঠন করা হচ্ছে। বাহিনীর কার্যপরিধি ও দায়িত্বেও পরিবর্তন আনা হবে। গত দেড় বছরে র্যাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উল্লেখ্য, র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরবর্তীতে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ নামে এটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত বাহিনীটির নাম প্রায় ২২ বছর পর এবার পরিবর্তন করা হলো।
চাটগাঁ নিউজ/এমকেএন





