চাটগাঁ নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। ঘোষিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।
বিইআরসি ঘোষিত নতুন দামের তালিকা অনুযায়ী— ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪১৩ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬৯৬ টাকা, ১৬ কেজি ১ হাজার ৮০৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৫ টাকা, ২০ কেজি ২ হাজার ২৬০ টাকা, ২২ কেজি ২ হাজার ৪৮৭ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮২৬ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৯১ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৭৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৯৫৬ টাকা এবং ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৭ টাকা।
চাটগাঁ নিউজ/এমকেএন






