আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনে বৃহত্তর সুন্নিজোট প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম খাসখামা গ্রামে দুর্বৃত্তরা নির্বাচনী কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে এবং কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে।
এ ঘটনায় সুন্নিজোট প্রার্থীর নির্বাচন সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মোমবাতি প্রতীকের প্রতি গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এই হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়ংকর হুমকি।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর একটি টিম ও আনোয়ারা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নির্বাচনী মনিটরিং টিম ঘটনাটি তদন্ত করছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন






