পটিয়ায় আলোচিত সোহেল হত্যা মামলার প্রধান বাকলিয়ায় গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে (৪৬) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আশরাফুজ্জামান। গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল ২০২২ সালের ২২ এপ্রিল খুন হন। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর মোহাম্মদ কায়েস গ্রেপ্তার হলেও পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে যান।

মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওয়ারেন্ট ছিল। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার (এএসআই) রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেপ্তার করেছে। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামিকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top