তৃতীয় দিনেও কর্মবিরতি চলছে: চট্টগ্রাম বন্দরে কাজ বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের টানা কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের অভ্যন্তরীণ অপারেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

কর্মসূচির কারণে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার ওঠানামা এবং বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে বন্দরের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ স্বাভাবিক রয়েছে।

বারিক বিল্ডিং থেকে সল্টগোলা এলাকা ঘুরে দেখা গেছে, বন্দরের গেটগুলো খোলা থাকলেও কোনো গাড়ি ভেতরে ঢুকছে না বা বের হচ্ছে না। নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলছে। সিএমপির নিষেধাজ্ঞার কারণে বন্দর এলাকায় মিছিল বা সমাবেশ করা হয়নি।

টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এদিকে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ অন্তত ১৬ জন কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top