চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল সোমবার চট্টগ্রামে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রামের পাশাপাশি তিনি কক্সবাজারও সফর করবেন।
এ সময় কক্সবাজার, চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে আরো জানা গেছে, হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে আমিরে জামায়াতের। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নেমে সেখানে থেকে নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন এবং প্রার্থী পরিচিতি পর্বে অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কক্সবাজার শহরে পৌঁছে কক্সবাজার গোল চত্তর মাঠে আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন।
কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে লোহাগাড়া উপজেলার পদুয়ার উদ্দেশ্যে রওনা হবেন ডা. শফিকুর রহমান এবং বার আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে তার হেলিকপ্টার অবতরণ করবে। সেখানে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর পদুয়া হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এবং প্রার্থী পরিচিতি পর্বে অংশ নেবেন।
সেখান থেকে তিনি সীতাকুণ্ডে যাবেন। বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমির। জনসভা শেষে তিনি সড়কপথে চট্টগ্রাম নগরীতে পৌঁছাবেন। নামাজ ও বিশ্রামের বিরতির পর চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ওই জনসভায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন আসনের প্রার্থী পরিচিতিও তুলে ধরবেন তিনি।
এসকল কর্মসূচি শেষ করে রাতে সড়কপথে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন ডা. শফিকুর রহমান।
এদিকে জামায়াতের আমিরের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে জনসভাগুলো সফল করতে দলটির নেতাকর্মীরা স্বাগত মিছিল, পথসভা, মাইকিং ও লিফলেট বিতরণসহ নানা প্রস্তুতি কার্যক্রম চালাচ্ছেন নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উচ্ছ্বাস উদ্দীপনায় এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভাগুলো আয়োজন করা হলেও এতে নির্বাচনী ঐক্যের শরিক অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





