চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা রিয়াজউদ্দিন বাজারের স্টেশন রোডে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালানোর কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সড়কের এক পাশে মৌসুমি ফল আনারসের স্তূপ, অন্য পাশে ভাসমান দোকানের সারি—সব মিলিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চলাফেরা হয়ে উঠেছে দুরূহ।
রোববার (১ ফেব্রুয়ারি) সরেজমিনে স্টেশন রোড পরিদর্শনে গিয়ে এমন চিত্র প্রত্যক্ষ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়রের উপস্থিতি টের পেয়ে অনেক ভাসমান দোকানি তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, ব্যবসায়ীদের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে এই এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত সড়ক ও ফুটপাত কোনো অবস্থাতেই দোকানের মালামাল রাখার জায়গা হতে পারে না।
তিনি আরও বলেন, সড়ক জনগণের সম্পদ। কেউ ব্যক্তিগত স্বার্থে সড়ক দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মেয়র জানান, স্টেশন রোডসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ জন্য মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে।
ব্যবসায়ী ও ভবন মালিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরের শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন, শৃঙ্খলিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
চাটগাঁ নিউজ/এমকেএন





