চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) ফের কর্মবিরতি ঘোষণা করেছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্ণ দিন কর্মবিরতি চলবে । বন্দর ব্যবহারকারীদেরও শ্রমিকদের এই আন্দোলনে সমর্থনের আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
সদ্য বদলি হওয়া বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগের প্রতিবাদে ঘোষিত দুই দিনের ১৬ ঘণ্টার কর্মবিরতি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি সফল হওয়ায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, বন্দর কর্মকর্তা-কর্মচারী এবং স্কপকে অভিনন্দন জানানো হয়েছে।
হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন জানান, দুদিনের আন্দোলনের পরও কর্তৃপক্ষ বা সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি। বরং আন্দোলনরত শ্রমিক নেতাদের চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জের পানগাঁও আইসিটিতে ট্রান্সফার এবং স্ট্যান্ড রিলিজ করা হচ্ছে। এটি আন্দোলনকে আরও তীব্র করার কারণ হবে।
তারা আরও বলেন, যদি সরকার ও কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনা করে এবং এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়, তাহলে হয়তো আমাদের আর কোনো কর্মসূচি পালন করতে হতো না। কিন্তু তারা তা না করে আমাদেরকে আন্দোলনে যেতে বাধ্য করছে।
এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের চট্টগ্রাম বন্দর থেকে কেরানীগঞ্জের পানগাঁও আইসিটিতে বদলির আদেশ দেওয়া হয়েছে তারা যদি অতি সত্বর যোগদান না করে তবে সরকারি কর্মচারি বিধি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ






