চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম ইমরুল কায়েস (৪১)।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও একটি ওয়ান শুটিং পিস্তল উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দোহাজারী খানবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে ইমরুল কায়েসকে গ্রেপ্তার করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র দুটি উদ্ধার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে আরও জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর আয়েশা খাতুনকে ফাঁসানোর উদ্দেশ্যে একটি পরিকল্পনা করা হয়েছিল। ওই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অস্ত্রসহ ইমরুল কায়েসকে গ্রেপ্তার করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






