ইনানীর গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর এবার সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কূপ এলাকায় সার্ভের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস সালাম জানান, গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ করছিলেন বাপেক্সের কর্মীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে সাতজন দগ্ধ ও আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন।

এর আগে গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে উদ্‌গিরিত গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ধরে আগুন জ্বলতে থাকে। গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল প্রায় এক মাস পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর কূপ এলাকায় সার্ভের কাজ শুরু করা হয়েছিল।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top