চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয়টি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে উপপুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ের ছয় কর্মকর্তাকে বিভিন্ন বিভাগ ও ইউনিটে পদায়ন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
আদেশ অনুযায়ী, উপপুলিশ কমিশনার মোহাম্মদ আরেফিন জুয়েলকে উপপুলিশ কমিশনার (উত্তর) হিসেবে পদায়ন করা হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপপুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনকে উপপুলিশ কমিশনার (বন্দর) করা হয়েছে। এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার এবং বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চাটগাঁ নিউজ/এসএ






