চাটগাঁ নিউজ ডেস্ক : ঘরে বসেই বিভিন্ন প্রযুক্তি ও সরঞ্জামের সহায়তায় জাল টাকা তৈরি করতেন ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামের এক যুবক। পরে এসব জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাল টাকা বিক্রির সময় ৩ লাখ টাকার জাল নোটসহ তাকে আটক করেছে এসআরবি-৭।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি।
আটক ফরহাদুল ইসলাম ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কয়েকজন জাল নোট ব্যবসায়ী ওই হোটেলে দেশি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলু জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা জানান এবং এসব সরঞ্জাম রাঙামাটি শহরের কোতোয়ালী মডেল থানাধীন পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে বলে জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করেন এসআরবি সদস্যরা।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






