জীবিতের ভোগান্তি, মৃত্যুর পরও দুর্ভোগ; সেতুর অভাবে নৌকায় লাশ পারাপার

রেজাউল করিম সাজ্জাদ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে একটি সেতুর অভাবে মানুষের দুর্ভোগ যেন সীমা ছাড়িয়েছে। জীবিত মানুষের ঝুঁকিপূর্ণ পারাপারের পাশাপাশি এবার সেতু না থাকায় নৌকায় করে খাল পার করতে হয়েছে এক বৃদ্ধের মরদেহ। জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে খাটিয়াসহ মরদেহ নেওয়া সম্ভব না হওয়ায় এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সরেঙ্গা সাপমারা খালে দেখা যায় এই মর্মান্তিক দৃশ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ (৬৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের জন্য খালের ওপারে অবস্থিত পারিবারিক কবরস্থানে নেওয়ার উদ্যোগ নেন স্বজন ও এলাকাবাসী। কিন্তু খালের ওপর পাকা সেতু না থাকায় এবং একমাত্র বাঁশের সাঁকোটি অত্যন্ত জরাজীর্ণ হওয়ায় খাটিয়াসহ মরদেহ পার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নৌকায় করে খালের পানিপথে মরদেহ পার করা হয়। পরে কাদামাটির পথ পেরিয়ে কবরস্থানে নিয়ে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

একটি মরদেহের এই পারাপার যেন দীর্ঘদিনের অবহেলা ও জনদুর্ভোগের বাস্তব চিত্র সামনে নিয়ে এসেছে।

এলাকাবাসীর অভিযোগ, সাপমারা খালের ওপর একটি পাকা সেতু না থাকায় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন। যাতায়াত, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে মৎস্য ব্যবসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে নড়বড়ে বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে এলাকার স্বাভাবিক যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়ন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকোটি এতটাই ঝুঁকিপূর্ণ যে এলাকায় কেউ মারা গেলে মরদেহ পারাপারেও প্রায়ই নৌকার আশ্রয় নিতে হয়। অসুস্থ রোগীদের উপজেলা কিংবা চট্টগ্রাম নগরীর হাসপাতালে নিতে গিয়ে পড়তে হয় চরম বিপাকে। যুগের পর যুগ সরকার পরিবর্তন হলেও বদলায়নি এই খালের ওপর পারাপারের চিত্র। সেতুর দাবিতে অতীতে আন্দোলন-সংগ্রাম করা অনেক মানুষও আজ বেঁচে নেই। অথচ পূরণ হয়নি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, “সাপমারা খালের বাঁশের সাঁকোটি এতটাই জরাজীর্ণ যে এর ওপর দিয়ে খাটিয়া নিয়ে পার হওয়া অসম্ভব। তাই বাধ্য হয়ে এলাকার মুরুব্বির মরদেহ নৌকায় করে খাল পার করতে হয়েছে। এই সেতুর অভাবে ছয় গ্রামের অর্ধলাখ মানুষ যুগ যুগ ধরে কষ্ট করছে। শুনেছি সেতুটির অনুমোদন হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া চলছে। আমাদের দাবি, দ্রুত নির্মাণকাজ শুরু করে এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হোক।”

তবে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে এবার কিছুটা আশার খবরও পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর সুপারিশে সাপমারা খালের ওপর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির টেন্ডার-সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রায়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির বলেন, সেতুর অভাবে রায়পুরসহ দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আজ নৌকায় করে মরদেহ পারাপারের ঘটনাই তার প্রমাণ। অতীতে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজ না হওয়ায় মানুষ এখন আর কথায় আশ্বস্ত হতে চায় না। তবে সেতু নির্মাণের অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। দ্রুত দৃশ্যমান কাজ শুরু হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আনোয়ারা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন জানান, সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া গেছে। সরেজমিনে সেতুর পরিমাপ ও অবস্থান নির্ধারণ করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

একটি সেতুর অভাবে যেখানে জীবিত মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, সেখানে মৃত্যুর পরও শেষ ঠিকানায় পৌঁছাতে নৌকার আশ্রয় নিতে হচ্ছে। এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা—অনুমোদনের কাগজ যেন দ্রুত বাস্তব নির্মাণকাজে রূপ নেয়। আর কোনো পরিবারকে যেন প্রিয়জনের মরদেহ নিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top