পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট করলেন সন্ত্রাসী রায়হান

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযান এবং অস্ত্র উদ্ধারের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশকে নিয়ে উপহাস করে একটি পোস্ট করেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান।

গত ২২-২৫ নভেম্বর পর্যন্ত ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি রায়হানের ৬ সহযোগীকে গ্রেপ্তারের ঘটনাকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’ বলে মন্তব্য করে ফেসবুক পোস্টে রায়হান দাবি করেছে, ‘সত্যি বলতে- অসহায় মানুষগুলো কারো না কারো প্রতিহিংসার শিকার। এরা না আমাকে চিনে, না আমি উনাদের চিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে রায়হান সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে রায়হান ফেসবুকে তাঁর পোস্টটি করেন। পুলিশ কর্তৃক দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবরের পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, ‘বাংলা’ অস্ত্র তিনি ব্যবহার করেন না। তাঁর দাবি অনুযায়ী, এসব অস্ত্র ব্যবহারে হাত ছিঁড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ি অঞ্চলে অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া গত বুধবার মধ্যরাতে পরিচালিত এক অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক এবং ৩৪টি গুলি উদ্ধার করা হয়। এই ধারাবাহিক অভিযানে রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর থেকে রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর ফটিকছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনের মতো অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই দ্রুত পালিয়ে যান রায়হান ও তাঁর সহযোগীরা।

চট্টগ্রাম জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে ২৩ নভেম্বর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রায়হান ও তাঁর সহযোগীরা সেখান থেকে পালিয়ে যান।

একই দিন সন্ধ্যায় এলাকা ত্যাগ করার সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় বাসিন্দারা তাঁদের গতিরোধ করার চেষ্টা করেন। এর ফলে রায়হান ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন, যার ফলে শটগানের গুলিতে ছয়জন আহত হন। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদ হোসেনকে স্থানীয়রা আটক করেন। পুলিশের দাবি, জাবেদ হোসেন রায়হানের সহযোগী।

পুলিশ আরও জানায়, গত বুধবারের অভিযানে প্রথমে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন ও সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইকতিয়ার ফরহাদ নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে মহররম আলী নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও বেশ কিছু গুলি উদ্ধার করে এবং মহররম আলীকে গ্রেপ্তার করে। একই অভিযানের ধারাবাহিকতায় জনার্দন দে নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুক পোস্টের আগে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া একটি কথোপকথনের রেকর্ডও পোস্ট করেছিলেন সন্ত্রাসী রায়হান। ওই কথোপকথনে রায়হান দাবি করেন, অভিযানের সময় পুলিশের সামনে দিয়েই সাইকেল চালিয়ে তিনি বের হয়ে গেছেন।

কথোপকথনের সময় পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বারবার রায়হানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। জবাবে রায়হান বলেন, আত্মসমর্পণ করলে তিনি আরও সমস্যায় পড়বেন। তখন পুলিশ কর্মকর্তা তারেক আজিজ তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘আমি ১০০ পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’

তবে শেষ পর্যন্ত রায়হান আত্মসমর্পণে রাজি হননি। তিনি জানান, এর আগে আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে তিনি সমস্যায় পড়েছিলেন। তাঁর দাবি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে আগে কথা হয়েছিল এবং বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েছিলেন।

কথোপকথনে রায়হান আরও দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান জানলেও তাঁকে খুঁজে পাওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে এই কথোপকথনটি হয়েছিল ২৪ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটের দিকে। পরদিন ২৫ নভেম্বর ওই কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের অডিও ক্লিপটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান।

সন্ত্রাসী রায়হানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাওয়া হলে পুলিশ কর্মকর্তা কাজী তারেক আজিজ বলেন, ‘সন্ত্রাসী রায়হানের সহযোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পেয়েছে। ধারাবাহিক অভিযানে অস্ত্রসহ রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারাই বলেছে উদ্ধার করা অস্ত্রের মধ্যে পিস্তলটি রায়হান ব্যবহার করতেন। পুলিশের অভিযানে রায়হান অস্ত্রটি ফেলে পালিয়ে যান।’

অভিযানের সময় সাইকেল চালিয়ে চলে যাওয়ার দাবিটিকে ‘ভুয়া’ বলে অভিহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, ‘রায়হানকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তবে তিনি আত্মসমর্পণ না করলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। অস্ত্র দিয়ে হুমকি ও চাঁদাবাজির পাশাপাশি অস্ত্র তৈরি ও ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে রায়হানের বিরুদ্ধে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top