কিডনি রোগীর চিকিৎসায় ডায়ালাইসিস মেশিন পেলো চমেক হাসপাতাল

চাটগাঁ নিউজ ডেস্ক : কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একটি ডায়ালাইসিস মেশিন দিয়েছে দুটি দাতব্য সংস্থা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় মেশিনটি হস্তান্তর করা হয়।

সকাল সাড়ে ৯টায় চমেক হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ ধরনের উদ্যোগ অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা পাওয়া সহজ করবে।

ডা. শাহাদাত আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এগিয়ে এলে চিকিৎসাসেবার মান উন্নত করা সম্ভব। বৃহত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান চমেক হাসপাতালের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

মেশিনটি প্রদানে সহযোগিতার জন্য সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক পরিচালক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন, ডা. সামিউল করিম, কেনপার্ক চ্যারিটিজের প্রতিনিধি এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন ডায়ালাইসিস মেশিন যুক্ত হওয়ায় চমেক হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে। বিশেষ করে ডায়ালাইসিস নিতে আসা রোগীরা এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top