চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ অভিযানে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মধ্য থেকে ২০ জনকে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের তৎপরতা বেড়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দালালচক্রের সদস্যরা জানায়, তারা মূলত গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের টার্গেট করতো, যারা সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ। এসব রোগী ও তাদের স্বজনদের কাছে সরকারি হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা তুলে ধরে এক ধরনের ভীতি সৃষ্টি করা হতো এবং পরবর্তীতে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হতো।
এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছিল। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও দূরবর্তী উপজেলা পর্যায় থেকে স্বল্প খরচে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগী ও স্বজনদের টার্গেট করে প্রতারণা করে আসছিল দালাল চক্র।
দালালরা কখনো ওষুধ সরবরাহ, কখনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, কখনো চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া কিংবা হাসপাতালে শয্যা ব্যবস্থার কথা বলে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায় করে। বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তারা রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে।
তিনি বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদাপোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান করে দালালদের কর্মকাণ্ডের ভিডিও ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয়। অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, এসআরবি দালালবিরোধী অভিযান পরিচালনা করেছে। হাসপাতালের পক্ষ থেকে আমরা সহযোগিতা করেছি। প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এ ধরনের অনিয়ম কমিয়ে আনা সম্ভব হবে।
চাটগাঁ নিউজ/এসএ/জেএইচ






