ফটিকছড়িতে গোপন অস্ত্র কারখানার সন্ধান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ গ্রেপ্তার ৪

ফটিকছড়ি (উত্তর) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় পুলিশের টানা অভিযানে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল সুয়াবিলসহ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ওই গোপন কারখানার খোঁজ মেলে এবং সেখান থেকে অস্ত্র ও সরঞ্জামগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।

পুলিশের প্রাথমিক অভিযোগ অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দিয়ে আসছিলেন এবং তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জেলা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/রাহাতুল/জেএইচ 

Scroll to Top