চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক : সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলন আরও বেগবান করার লক্ষ্যে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়।

এদিকে ‘কমপ্লিট শাটডাউন’ এর কারণে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন।

তবে চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এ প্রেক্ষাপটে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, শাটডাউনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এছাড়া চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top