রাউজানে নির্মাণাধীন সানশেডের সেন্টারিং খোলার সময় রাজমিস্ত্রির মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন সানশেডের সেন্টারিং (ঢালাইয়ের অস্থায়ী কাঠামো) খোলার সময় সেটি ধসে পড়ে মুহাম্মদ সেলিম (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব উরকিরচর ইউনিয়নের পুরাতন বৈজ্জাখালী তথা আলা মিয়াহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেলিম পূর্ব উরকিরচর ইউনিয়নের হাতিয়া লাল মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। তার আদি বাড়ি হাতিয়ায় হলেও বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকায় বসতি গড়ে তোলেন। পরে বাড়ি-ভিটে করে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

কাজটির ঠিকাদার মো. জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়া হাট এলাকার জাহাঙ্গীর আলমের সেমিপাকা ঘরের বাউন্ডারি ওয়ালের সঙ্গে পাঁচদিন আগে একটি সানশেড ঢালাই দেওয়া হয়েছিল। আজ সকালে ওই সানশেডের সেন্টারিং খুলতে যান রাজমিস্ত্রির হেলপার সেলিম। এ সময় সেন্টারিং খুলতে গিয়ে নির্মাণাধীন অংশটি ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঠিকাদার মো. জামাল আরও বলেন, সানশেডের ঢালাই পুরোপুরি শক্ত হওয়ার আগে সেন্টারিং খুলতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নিষেধ অমান্য করে সেলিম সেন্টারিং খুলতে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top