কক্সবাজারের উখিয়ায় ৪ রোহিঙ্গাকে ৬ মাসের কারাদণ্ড

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় জনসাধারণের উপদ্রব সৃষ্টির অভিযোগে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ক্যাম্প-৪-এর সি/০৫ ব্লকের রশিদ (৪১), ক্যাম্প-১৯-এর বাসিন্দা আনোয়ার হোসেন (২৪) ও ঘোনারপাড়া এলাকায় নুরুল হাকিম (২৭) এবং জসিম উদ্দীন (৩৫)।

এপিবিএন পুলিশ জানায়, বুধবার ২৫ নভেম্বর বিকেলে ক্যাম্প-১৯-এর সিআইসি কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ময়নারঘোনা ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে।

দণ্ড ঘোষণার পর চারজনকে সিআইসি কার্যালয় থেকে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে ময়নারঘোনা ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে।

৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৮ এপিবিএন সর্বদা তৎপর রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড ও জনউপদ্রব সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top