চাটগাঁ নিউজ ডেস্ক : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। এ দেশের জনগণ আপনাদের দেশ থেকে বিতাড়িত করেছেন। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এ দেশের জনগণ সহ্য করবে না। রাতের আঁধারে দু-চারটি পটকা ফুটিয়ে এ দেশে ফিরে আসতে পারবেন না, রাজনীতি করা তো দূরের কথা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে। একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলা হচ্ছে না, তারাও চুপচাপ রয়েছে। এটিও চিন্তার বিষয়। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের তাবেদারি এ দেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না। বিএনপি এ দেশের জনমানুষের দল।
এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও অনুরোধ জানান।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। পলাতক ফ্যাসিস্টের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগুন-সন্ত্রাস রুখে দিতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর নির্বাসিত থেকেও কখনো আপস করেননি। আমরা সেই নেতার কর্মী। আমাদের ঐক্যবদ্ধ থেকে গুপ্ত রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে। আগুন-সন্ত্রাস প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর যুবদল রাজপথে থাকবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, অ্যাডভোকেট ফিরোজ, মজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মো. আলী সাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সেলিম খান, রাশেদুল হাসান লেবু প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
চাটগাঁ নিউজ/এসএ






