৫ ঘণ্টার কর্মবিরতির পর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক: কর্তৃপক্ষের আশ্বাসের পর প্রায় পাঁচ ঘণ্টার কর্মবিরতি শেষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কাজ শুরু করেছেন শ্রমিকেরা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে বেলা ১টার দিকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে এনসিটি ও সিসিটি টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম পুরোদমে চলছে।

বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে পাঁচ শতাধিক শ্রমিক এই কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। এ বিষয়ে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক সুবিধা।

দীর্ঘদিন ধরে এসব দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন বলে জানান আন্দোলনরত শ্রমিকেরা।

বন্দর সূত্রে জানা গেছে, কাগজে–কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে মূল পরিচালন কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিসিটি পরিচালনা কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

এই দুই টার্মিনালের মধ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। আবার সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক–কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top