আনোয়ারা প্রতিনিধি: একটি ঘর, বন্ধ দরজা আর ভেতরে বাবা-মেয়ে। বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন স্বজনেরা। সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল আতঙ্ক। একপর্যায়ে ছয় বছর বয়সী মেয়ের গলায় ছুরি ধরে রাখেন বাবা।
অসহায় স্বজনদের সামনে তখন মেয়েটিকে উদ্ধারের কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত পাশের বসতঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় বাবা ও মেয়েকে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২৮)। তার মেয়ের বয়স ছয় বছর।
পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন নাছির। তবে গত চার মাস ধরে ওষুধ সেবনের মাত্রা কমিয়ে দেওয়ার পর তার আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।
পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন নাছির। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা তাদের ঘর থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু দুপুরের দিকে লোকজন জড়ো হতে শুরু করলে হাতে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাতে থাকেন তিনি। একপর্যায়ে নিজের মেয়ের গলায় ছুরি ধরে রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্বজনেরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের একটি বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করেন। সন্ধ্যা ৭টার দিকে বাবা ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার পর নাছিরকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পরিবারের সদস্যদের অনুরোধে চিকিৎসার জন্য তাকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান জানান, তার ভাইয়ের চিকিৎসার ইতিহাস রয়েছে। তবে ওষুধের মাত্রা কমিয়ে দেওয়ার পর থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দেয়। ঘটনার দিন খবর পেয়ে বাড়িতে এসে ভাই ও ভাতিজিকে ঘরের ভেতরে আটকে থাকতে দেখেন তিনি। তাদের উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।
এদিকে নাছিরের পোশাকশ্রমিক স্ত্রীর আয়ে বর্তমানে তাদের সংসার চলে। দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তারা।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো.আব্দুল্লাহ হোসেন বলেন,খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পাশের একটি বসতঘরের টিন খুলে তাঁরা ওই কক্ষে প্রবেশ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ঘরে আটকে থাকা বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, নাছিরের হাতে একটি ছুরি রয়েছে। তিনি তার সঙ্গে থাকা মেয়েকে ঘর থেকে বের হতে দিচ্ছিলেন না এবং কাউকেও ঘরে প্রবেশ করতে দিচ্ছিলেন না।
পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়। এরপর নাছিরকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে চিকিৎসার জন্য তাকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ






