চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে নিউমার্কেট থেকে জামালখান পর্যন্ত অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসানো শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ করা হয়।
আজ সোমবার (১৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট, তিনপোলের মাথা, আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান ও চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, অভিযানে এসব এলাকার সড়ক ও ফুটপাত দখল করে বসানো প্রায় শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম চালানো হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/জেএইচ






