তামার স্ক্র্যাপের বদলে কনটেইনারে জাহাজের ১০ পুরোনো পাখা!

চাটগাঁ নিউজ ডেস্ক: বন্ড সুবিধায় শুল্ক ছাড়াই আমদানি করা দামি তামার স্ক্র্যাপ খোলাবাজারে বিক্রির সুযোগ তৈরি করতে অভিনব জালিয়াতির চেষ্টা করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। জাপানে বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়ে কনটেইনারে পাঠানো হচ্ছিল জাহাজের ১০টি পুরোনো প্রপেলার বা পাখা।

চট্টগ্রাম কাস্টমসের অভিযানে এ জালিয়াতি ধরা পড়েছে। এতে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস। আজ শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড জাপানে ‘সর্টেড কপার’ বা বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়েছিল। গত ৩ নভেম্বর এ চালানের বিল দাখিল করা হয়। পণ্যের মূল্য দেখানো হয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ডিপো কর্তৃপক্ষের উপস্থিতিতে কনটেইনারটি শতভাগ পরীক্ষা করা হয়। এ সময় তামার পরিবর্তে জাহাজের ১০টি বিশাল পুরোনো কাটা পাখা পাওয়া যায়।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় তামা ও সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করে। পরে ১৭ অক্টোবর সেগুলো ব্যবহারের অনুমতিও নেয়। বন্ড সুবিধার নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত আমদানি করা কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে হয়।

কিন্তু প্রতিষ্ঠানটি আমদানি করা কাঁচামাল ব্যবহার না করে সীতাকুণ্ডের জাহাজভাঙাশিল্প এলাকা থেকে কম দামে পুরোনো জাহাজের পাখা সংগ্রহ করে রপ্তানির উদ্যোগ নেয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, দেশীয় পণ্য বিদেশে পাঠিয়ে কাগজে-কলমে আমদানি করা কাঁচামালের হিসাব সমন্বয় করাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। এভাবে চালানটি রপ্তানি করা সম্ভব হলে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত তামার স্ক্র্যাপ দেশের খোলাবাজারে বেশি দামে বিক্রির সুযোগ তৈরি হতো।

নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। ২০১১ সালে নিবন্ধিত কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত প্রথম প্রতিষ্ঠান। ২০২২ সালে শেয়ারবাজার থেকে প্রতিষ্ঠানটি সাড়ে ৭ কোটি টাকা সংগ্রহ করেছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী ও চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে শিগগিরই রাজস্ব ফাঁকির মামলা করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top