চাটগাঁ নিউজ ডেস্ক: আদালত থেকে মুক্তি পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের জন্য দোয়া করেছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি হিসেবে পরিচয় দেওয়া ভাইরাল আইনজীবী এম কামাল উদ্দিন।
শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার ভাড়া বাসা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকায় শনিবার সাধারণ ডায়েরি (জিডি) মূলে আদালতে পাঠানো হলে সন্ধ্যায় তিনি মুক্তি পান।
মুক্তি পাওয়ার পর আদালত প্রাঙ্গণে এম কামাল উদ্দিন বলেন, ‘আসলে গতকাল আমি জাহাঙ্গীর কবির নানককে গালি দিয়েছিলাম, অহেতুক কেন লকডাউন ডাকা হচ্ছে সে বিষয়ে। এর জেরে কিছু আওয়ামী সন্ত্রাসী আমাকে মব করার চেষ্টা করছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।’
আইনি প্রক্রিয়ায় মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ জিডি মূলে চালান দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আজ আমি মুক্তি পেলাম। আমি সরকার বাহাদুর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি, তিনি যেন সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। একই সঙ্গে আল্লাহর দরবারে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যও দোয়া করি।’
বাসায় জড়ো হওয়া ব্যক্তিদের চেনেন কি না এমন প্রশ্নের জবাবে কামাল উদ্দিন জানান, তারা মুখোশ (মাস্ক) পরা থাকায় কাউকে চিনতে পারিনি। বর্তমানে নিরাপত্তার কোনো ঝুঁকি অনুভব করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ঝুঁকি এখনো আছে। তবে প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে, কোনো ধরনের সন্দেহ হলেই যেন তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে, আমি আমার কার্যক্রম অব্যাহত রাখব।’
জানা গেছে, আইনজীবী এম কামাল উদ্দিনের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। প্রায় এক মাস আগে তিনি কর্ণফুলীর সিডিএ টেক এলাকার বাসাটি ভাড়া নেন। শুক্রবার রাতে স্থানীয় কিছু লোকজন তার বাসার সামনে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, শুক্রবার রাতে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির জেরে নিরাপত্তার স্বার্থে কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, মাসখানেক আগে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে নিজেকে সভাপতি দাবি করেন এম কামাল উদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পলাতক আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালাগাল করা তার একাধিক ভিডিও ভাইরাল হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিনকে চার বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এর আগে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের দুই নেতাকে নগদ ১৫ লাখ টাকা করে চেক দেওয়ার অভিযোগে আদালতে মামলা করেও আলোচনায় এসেছিলেন তিনি।
চাটগাঁ নিউজ/জেএইচ






