মেহেদির রঙ শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল যুবকের প্রাণপ্রদীপ
ফটিকছড়িতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

ফটিকছড়ি প্রতিনিধি: বিয়ে করেছেন কেবল এক মাস হলো। বিয়ের স্মারক হিসেবে হাতে এখনও লেগে আছে মেহেদির রঙ। নতুন বউ, নতুন সংসার নিয়ে কতই না পরিকল্পনা ছিল তার। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় নিভে গেল সদ্য বিবাহিত যুবক মোহাম্মদ বারেক আলী’র (৩১) প্রাণপ্রদীপ।

জানা গেছে, গত ৭ নভেম্বর ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে আজ শনিবার সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. জিসান (২০) নামের আরেক যুবকের। ফলে উক্ত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই জিসানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- ধমধমা গ্রামের চিত্তরঞ্জনের ছেলে সাগর (২৫), দিলীপ চন্দ্র নমের ছেলে সৌরভ নম (২০) এবং সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের সঞ্জু চক্রবর্তীর ছেলে বাবলু চক্রবর্তী (১৭)।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বারেক আলী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের এক মাসের মাথায় তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, চিকিৎসাধীন অবস্থায় বারেক আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন আরো ৩ জন।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top