রাউজানে চাঁদা দাবি করে ইসলামী ফ্রন্ট সভাপতিকে প্রাণনাশের হুমকি!
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড়

রাউজান প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরীকে মোবাইল ফোনে চাঁদা দাবির পাশাপাশি কোরআন ও পবিত্র কাবা শরিফের শপথ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে তাঁকে হত্যা এবং পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভুক্তভোগী নিজে রাউজান থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

জানা গেছে, মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরী (৫৮) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ৬ (রাউজান) আসনে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন। ইলিয়াছ নুরী ছিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী।

এদিকে অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিট থেকে ০১৩৫০-৫৬৫৩০৯ নম্বর থেকে ইলিয়াছ নুরীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি ওই নম্বরে কলব্যাক করলে অপর প্রান্তের অজ্ঞাতনামা ব্যক্তি নিজের অনুসারীদের পরিচালনার জন্য তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। একই সঙ্গে ওই দিন সন্ধ্যার মধ্যে দাবিকৃত টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় তাঁকে প্রাণে হত্যাসহ বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে একই নম্বর থেকে একাধিকবার ফোন করে তাঁকে বিরক্ত করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের যেকোনো সময় ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট মোবাইল নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ইলিয়াছ নুরী।

এ বিষয়ে ভুক্তভোগী ইলিয়াছ নুরী বলেন, ‘মাদ্রাসার অফিসে নামাজরত অবস্থায় আমার ফোনে একটি কল আসে। নামাজ শেষ করে একই নম্বর থেকে পুনরায় ফোন আসলে রিসিভ করি। অপর প্রান্ত থেকে বলা হয়, তার কর্মীদের জন্য আমাকে চাঁদা দিতে হবে। আমি জানাই, আমি কোনো পয়সাওয়ালা ব্যক্তি নই, মাদ্রাসায় চাকরি করি। তখন সে বলে, আমার টাকা-পয়সা আছে কি নেই, তা সে জানে। তাদের টাকা দিতেই হবে।

তিনি বলেন, চাঁদা না দিলে কোরআনের শপথ করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আধা ঘণ্টা সময় দেওয়ার কথা বলে। এরপর আবার পাঁচ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে কাবা শরিফের শপথ করে হত্যার হুমকি দেয়। নামাজ শেষ করার কিছুক্ষণ পর পুনরায় ফোন করে একই ধরনের হুমকি দেওয়া হয়। এ সময় সে দাবি করে, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে যাকে মেরে ফেলার কথা বলেছে, তাকে মেরেছে। কয়েকটি খুন করেছে বলেও হুমকিদাতা দাবি করে।

ইলিয়াছ নুরী আরও বলেন, ‘একপর্যায়ে আমি উত্তেজিত হয়ে তাকে বলি, আমাকে মেরে ফেললে মেরে ফেল, আমার টাকা-পয়সা নেই, আমি চাঁদা দিতে পারব না। এ কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিই। পরে আরও দুইবার ফোন করা হলেও আমি আর রিসিভ করিনি।

তিনি জানান, হুমকিদাতা নিজের পরিচয় দেয়নি এবং নির্দিষ্ট কোনো চাঁদার পরিমাণও উল্লেখ করেনি। পরে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমি একটি মামলার সাক্ষ্য দিতে মাদারীপুরে অবস্থান করছি। ইলিয়াছ নুরী নামের একজন ব্যক্তি চাঁদাবাজির হুমকির বিষয়ে একটি অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। আমি ডিউটি অফিসারকে অভিযোগটি গ্রহণ করতে বলেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, একজন মাদ্রাসা অধ্যক্ষ ও রাজনৈতিক দলের উপজেলা সভাপতিকে ফোনে চাঁদা দাবি এবং ধর্মীয় পবিত্রতার শপথ নিয়ে হত্যার হুমকির অভিযোগ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ধরনের হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনেকে রাউজানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে গত ২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিককর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের নিকট শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের পরিচয়ে মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবীর অভিযোগ রয়েছে। ভুক্তভোগী অনেকেই প্রাণভয়ে কিংবা পরবর্তী ঝামেলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়নি।

চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ

Scroll to Top