কক্সবাজার সৈকতে নিষিদ্ধ গবাদি পশুর বিচরণ!

চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে সৈকত ও সংলগ্ন পর্যটন এলাকায় গবাদি পশুর অবাধ বিচরণ এবং মলত্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের পর্যটন সেলের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- নজিরারটেক, লাবণী, সুগন্ধা, কলাতলী, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে কিছু অসাধু ও অসচেতন ব্যক্তির কারণে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মতো গবাদি পশু অবাধে বিচরণ করছে।

এর ফলে সৈকতের বালিয়াড়িতে যত্রতত্র মলমূত্র ত্যাগের মাধ্যমে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে সৈকতের নান্দনিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা ও নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখের পর সমুদ্র সৈকত ও সংলগ্ন এলাকায় কোনো গবাদি পশু পাওয়া গেলে বা বিচরণ করতে দেখলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি ওই গবাদি পশু আটক করে তাৎক্ষণিকভাবে আইনানুগভাবে নিলামে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে স্পষ্ট জানানো হয়েছে।

এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে সমগ্র সৈকত এলাকায় মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত এলাকার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় পশুপালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top