তিন লাইটার জাহাজ গুনল ৬০ হাজার টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : বিধি লঙ্ঘনের দায়ে তিনটি লাইটার জাহাজকে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৬৭(ক) ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা ও অবৈধ গুদামজাতকরণের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, দেশের আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেলে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এরই ধারাবাহিকতায় কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণ রোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চ্যানেলে অবস্থানরত ৪টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়।

এর মধ্যে বিধি লঙ্ঘনের দায়ে ৩টি জাহাজের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৬৭(ক) ধারা অনুযায়ী প্রতিটি জাহাজকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে নৌযানচালক ও মাঝি-মাল্লাদের প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয় এবং অনুমোদনহীনভাবে পণ্য গুদামজাতকরণ ও নৌ-চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।

বন্দরের সার্বিক নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top