চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় উড়ালসড়ক থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত যুবকের নাম মেহেদী হাসান (৩৫)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকার সুলতান শিকদারের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাতে সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে তিনি উড়াল সড়ক থেকে নিচে পড়েছেন, নাকি ওখানেই পড়ে ছিলেন সে বিষয়ে এখনো জানা যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ






