উখিয়া প্রতিনিধি: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ডাচেস সোফি।
এ সময় তিনি রোহিঙ্গা নারী, শিশু ও পরিবারগুলোর সঙ্গে সময় কাটান এবং তাদের জীবনযাপন, সমস্যা ও প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোহিঙ্গাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সূত্রে জানা গেছে, সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন তিনি। সেখানে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
পরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত উইমেন ফ্রেন্ডলি স্পেস এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।
একই দিন দুপুরে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন ডাচেস সোফি। তাদের জীবনযাপন, মানবিক সংকট, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
এ সময় ৪ ও ২০ নম্বর ক্যাম্পে বিভিন্ন সংস্থার পরিচালিত মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আইওএমের বিভিন্ন প্রকল্প, নারীদের বহুমুখী কেন্দ্র, নারী বাজার, সাবান তৈরির কারখানা এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন। রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধি, স্বাবলম্বী করে তোলা এবং নেতৃত্ব বিকাশে নেওয়া উদ্যোগগুলোও পরিদর্শন করেন ডাচেস সোফি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি রোহিঙ্গা নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সরাসরি জানতে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে এ সফরের আয়োজন করা হয়।
ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষে ক্যাম্পের ভেতরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। তাঁর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে এপিবিএনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ






