চেক প্রতারণা মামলায় রিজেন্ট টেক্সটাইলের চেয়ারম্যানসহ ৫ জনের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : চেক প্রতারণা মামলায় চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ পাঁচ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখার দায়ের করা মামলায় এ রায় দেয় আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুসরাত আরা হীরা। এর আগে গত ৪ নভেম্বর চট্টগ্রামের ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন—রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব এবং তিন পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভির হাবিব।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক থাকায় তাদের আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের পর থেকে এই সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ব্যাংকের গৃহীত ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখাকে ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছিল। তবে ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়।

পরে একই বছরের ৩ সেপ্টেম্বর ব্যাংকের পক্ষে আইনজীবী নুসরাত আরা হীরা আসামিদের আইনি নোটিশ পাঠান। ৭ সেপ্টেম্বর তারা নোটিশ গ্রহণ করলেও চেকের টাকা পরিশোধ করেননি। এরপর ১৭ অক্টোবর ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬-এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা করা হয়।

মামলাটি পরবর্তী সময়ে বিচারের জন্য ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। গত ৩ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৪ নভেম্বর রায় ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top