চন্দ্রঘোনায় ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নির্মাণ শ্রমিক অন্তর (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অন্তর চন্দ্রঘোনা কলাবাইজ্জে ঘোনা এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. টিটুর ছেলে।

জানা গেছে, গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বনগ্রাম এলাকার আবুল খায়ের কলোনীতে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান মৌলভী স্টোরের মালিক হাবিব ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের গা-ঘেঁষে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য বারবার নিষেধ করলেও ভবন মালিক তা উপেক্ষা করে গোপনীয়তার সাথে কাজ চালিয়ে যান। ওই দিনই কাজ করার সময় অন্তর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, এই একই ভবনে মাত্র দুই মাস আগেও মিনহাজ নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছিল, যা সেসময় ধামাচাপা দেওয়া হয়।

এলাকাবাসীর দাবি, গত ৮-১০ বছরে চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় এ ধরনের অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ নির্মাণের কারণে অন্তত ১৫ জনের বেশি মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বজলুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও উক্ত বৈদ্যুতিক লাইনটি পিডিবি’র (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)। ঘটনার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কোনো কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

অন্যদিকে অভিযুক্ত ভবন মালিক হাবিবের মোবাইল নম্বরে কল করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার মালিকানাধীন লিচুবাগান এলাকার মৌলভী স্টোরে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বারবার প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অনতিবিলম্বে ঝুঁকিপূর্ণ ওই ভবনের নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা এবং অভিযুক্ত ভবন মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top