সিলেটে হামলার শিকার ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ছাত্রশক্তি।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে হাসিবুল যাওয়ার পথে তার ওপর এ হামলা হয়।

ভিডিওতে আরো দেখা যায়, এ সময় তার পাশের সিটে বসা একজন নারী ছিলেন। ইজিবাইকের গতিরোধ করে একজনকে বলতে শোনা যায়, ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল, সাথে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ ফুর্তি করছে। এরপর চিৎকার শোনা যায়। এরপর হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই ভাই প্লিজ ভাই’ পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান।

তবে কারা হাসিবুলের ওপর এই হামলা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাবি ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় হাসিব আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেক আউট হয়ে বের হওয়ার সময় তার ওপর হামলা হয়। হামলার পর হাসিবুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি। আমরা পরবর্তীতে রিসোর্টে খোঁজ নিয়েছি, তিনি রিসোর্টেও যাননি।

যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top