কক্সবাজারের হোটেল-মোটেল জোনে লাগা আগুন নিয়ন্ত্রণে

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতবাড়ি ও চারটি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বসতবাড়ি ও চারটি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার পর হোটেল-মোটেল জোনের ওই এলাকায় অবস্থানরত পর্যটক ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে তারা নিজ নিজ জায়গায় ফিরে যান।

এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top