রাউজানে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে চাঁদা না পেয়ে বিরোধ মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তার সঙ্গীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাদের ছুরিকাঘাত ও মারধরের পাশাপাশি প্রবাসীর পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন।

হামলাকারীরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) ভুক্তভোগী প্রবাসী ইলিয়াস আলীর স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় এন এ বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এর আগে রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে সারোয়ার নামের এক ব্যক্তি প্রবাসী ইলিয়াস আলীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার দিন রাতে বিরোধ মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও তার সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সেখানে আলোচনার একপর্যায়ে অভিযুক্তরা মুঠোফোনে সহযোগীদের ঘটনাস্থলে আসতে বলেন। কিছুক্ষণ পর ১০টি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাযোগে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। এরপর তারা অতর্কিতভাবে ইলিয়াস আলী ও রুহুল আমিনের ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁদের এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় ইলিয়াস আলীর স্ত্রী, ছেলের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর ও লাঞ্ছিত করা হয়। পরিবারের এক নারী সদস্যকে শ্লীলতাহানির অভিযোগও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এরপর আহতদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এন এ বাবুল উপজেলার উরকিরচর ইউনিয়নের প্রয়াত ইউনুচ ড্রাইভারের ছেলে। তিনি উত্তর জেলা যুবদলের সহসম্পাদক। মামলার অপর আসামি সরোয়ার উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার ২ নম্বর আসামি এন এ বাবুলকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ

Scroll to Top