চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকা থেকে চুরি করে চট্টগ্রামে আনা ৭০ লাখ টাকা মূল্যের একটি ড্রাম ট্রাক উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)। ট্রাকটি বিভিন্ন খণ্ডাংশে খুলে যন্ত্রাংশ হিসেবে বিক্রির পরিকল্পনা করেছিলেন চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) নগরের পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শওকত আলী (৪২), আবু তৈয়ব আলী (২৯) ও আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রী (৫৮)। তাদের মধ্যে প্রথম দুজনকে পাঁচলাইশ এলাকা থেকে এবং আব্বাস উদ্দিনকে পাহাড়তলীর সাগরিকা সেনবাড়ি রোডের একটি গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জানান, শেখ শরীফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি আইচার ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। শওকত আলীর প্ররোচনায় গত ২৫ অক্টোবর আবু তৈয়ব ঢাকার একটি এলাকা থেকে ট্রাকটি চুরি করেন।
পরে শওকতের পাঠানো একটি রোবট গাড়ির মাধ্যমে ট্রাকটি চট্টগ্রামে আনা হয়। এরপর বিক্রির উদ্দেশ্যে সেটি শওকতের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, ট্রাকটি বিভিন্ন অংশে খুলে বিক্রির পরিকল্পনায় আব্বাস উদ্দিনের গ্যারেজে রাখা হয়েছিল। গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে যন্ত্রাংশ হিসেবে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার করা ট্রাকটির মডেল আইচার টেরা-২৫। তবে এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ






